হিন্দু রাষ্ট্র হচ্ছে না নেপাল

 
নেপালের গণপরিষদ দেশটিকে আবারো হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা সংক্রান্ত একটি প্রস্তাব বাতিল করে দিয়েছে। বিশ্বের একসময়কার একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিতি পাওয়া নেপাল ২০০৮ সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে। দেশটিতে নতুন একটি সংবিধান রচনার কাজ করছে গণপরিষদ।
 
সোমবার গণপরিষদে (সিএ) নেপালকে আবারো হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রস্তাব দেয়া হলে পরিষদের সদস্যরা তা প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষতাই বহাল রাখেন। ‘হিমালয়ান টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়, গণপরিষদের ৬০১ জন সদস্য নেপালের নতুন সংবিধান প্রণয়নের কাজ করছেন। 
 
রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-নেপাল এর চেয়ারম্যান কামাল থাপা এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির অমরিত বোহোরা সংবিধানে নেপালকে ধর্মনিরপক্ষ থেকে ফের হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি জানান।
 
কিন্তু গণপরিষদের চেয়াম্যান সুবাস চন্দ্র নেমবাং ওই প্রস্তাব বাতিল করার পর ভোটের দাবি তোলেন কামাল থাপা। এ বিষয়ে গণপরিষদের ৬০১ সদস্যের মত জানতে চাওয়া হলে মাত্র ২১ জন ভোটের পক্ষে মত দেন।
 
গণপরিষদের নিয়ম অনুযায়ী, কোনো প্রস্তাবে ভোট নিতে হলে অন্তত ৬১ সদস্যের অনুমতি প্রয়োজন হয়। -আইএএনএস