জাহিদ আকবরের কথায় সাবিনা ইয়াসমিন

দেশের গুণী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দেশের সঙ্গীতাঙ্গনে একজন জীবন্ত কিংবদন্তী এই মানুষটি। ক্যারিয়ারের অর্ধশত বছরে অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে ভক্তদের কাছে আজও চির সবুজ এই শিল্পী। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন দেশের এ সময়ের জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। এবারই প্রথম জাহিদের গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন।

 
 তবে তিনি একা নন, তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তার মেয়ে বাঁধন। বাঁধনের একক অ্যালবামের জন্য গানটি করা হয়েছে। গানটির সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাকছুদ জামিল মিন্টু।
 
গানটি প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘আমার ক্যারিয়ারে স্মরণীয় একটি অংশ এই গানটি। সাবিনা ইয়াসমিনের মতো একজন কিংবদন্তী শিল্পীর জন্য গান লেখাটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। গানটিতে তার মেয়েও অসাধারণ গেয়েছেন। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
 

এর আগেও মেয়ের সাথে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তবে সেটাও প্রায় নয় বছর আগে। মেয়ের প্রথম অ্যালবামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।