মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি টিম।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে বিজিবি’র একটি টিম সীমান্তের ১৪২ নম্বর মেইন পিলার এলাকার ৪ এস পিলার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তৈরি রিভলবারটি উদ্ধার করেন।
এসময় বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় অস্ত্র বহনকারী চোরাচালানিরা।
বর্ডারগার্ড বাংলাদেশ কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক আব্দুর রহিম জানান, সীমান্তের ওপার ভারত থেকে অস্ত্র পাচার করে আনা হচ্ছে এমন গোপন সংবাদ বিজিবি’র সহড়তলা ক্যাম্পের সদস্যরা পান।
পরে অভিযান চালালে সহড়াতলা গ্রামের মিল্টন হোসেন নামে ওই চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্রটি ফেলে পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।
আগ্নেয়াস্ত্র বিক্রেতা চোরাকারবারী মিল্টন হোসেনের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে রিভলবারটি গাংনী থানায় জমা দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।