গাজীপুরে ডায়াগনষ্টিক সেন্টার সিলগাল


গাজীপুরে সোমবার পৃথক অভিযান চালিয়ে একটি ডায়াগনষ্টিক সেন্টার এবং চারটি ফিলিং স্টেশনকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ‘হলি ল্যাব মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’টি সিলগাল করা হয়েছে।
 
মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়াসেলের সহকারী কমিশনার সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেবেকা সুলতানা  নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং যথাযথভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় জেলা শহরের ‘হলি ল্যাব মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’কে দুই লক্ষ দশ  হাজার টাকা জরিমানা এবং  প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন।

এদিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং মোছাঃ মাসুমা আরেফিন নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে চন্দ্রা, মৌচাক এবং কোনাবাড়ী এলাকায় চারটি ফিলিং স্টেশনকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে।