মা-ছেলেকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

 
নারায়ণগঞ্জে মা ও ছেলেকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরেকজনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় দেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামি আবুল হোসেন ও দুলাল হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চিলেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল হোসেন পলাতক রয়েছেন। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
 
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দড়িগাঁও এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী তার ছয় বছরের ছেলেকে নিয়ে স্থানীয়দের কাছে চাইতে আসেন। আসামিরা তাকে টাকা দিয়ে শ্মশান ঘাটে নিয়ে যায়। সেখানে আবুল ও বাবুল তাকে ধর্ষণ করে। দুলাল এটি দেখে ফেলে এই ঘটনা প্রকাশ হতে পারে বলে অপরাধীদের বলেন। এরপর কাশেম ঐ নারীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। ঐ সময় তার শিশুটির মাথায় কোদাল দিয়ে আঘাত করলে সেও মারা যায়। পরে আসামিরা লাশ দুটি দড়িগাঁও কবরস্থান এলাকার পুরনো কবরের গর্তে মাটি চাপা দিয়ে রাখে। পরে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম জানান, লাশ উদ্ধারের পর আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
 
পরে আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।