আইফোন কিনতে কিডনি বিক্রির চেষ্টা

 
চীনের দুই ব্যক্তি আইফোন ৬এস কিনতে কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলেন। দেশটির জিয়াঙসু প্রদেশে এই ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, দুইজনের মধ্যে উয়ু নামের এক ব্যক্তি আইফোন ৬এস কিনতে চেয়েছিলেন। কিন্তু সেটি কেনার সামর্থ্য তার ছিল না। তার বন্ধু হুয়াং একটি কিডনি বিক্রি করার জন্য তাকে পরামর্শ দেয়।
 
ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে একজন অবৈধ অঙ্গ-প্রতঙ্গ ব্যবসায়ীর পরিচয় হয়। ঐ ব্যক্তি তাদের নানজিংয়ের একটি হাসপাতালে যেতে বলেন। গত ১২ সেপ্টেম্বর তারা ঐ হাসপাতালে যান, কিন্তু তাদের প্রতিনিধি সেখানে যায়নি।
 
পরে উয়ু তার বন্ধু হুয়াংকে কিডনি বিক্রি করার পরিকল্পনা বাদ দিতে বলে। কিন্তু হুয়াং রাজি হননি। শেষ পর্যন্ত বন্ধুকে আটকাতে উয়ু পুলিশকে খবর দেয়। এরপর থেকে হুয়াং পলাতক রয়েছেন। সূত্র: আইএএনএস