ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউভুক্ত দেশসমূহকে শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবানন ও জর্ডান সফরকালে বলেছেন, ‘সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর শরণার্থী শিবিরে ব্রিটেনের নেতৃত্ব অনুসরণ করে ইউরোপীয় অন্যান্য দেশের তাদের পাশে দাঁড়ানো উচিত। এ লক্ষ্যে তাদেরকে আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’
ক্যামেরন বলেন, ‘শরণার্থীদের এ সব ক্যাম্পে আমাদের আর্থিক সুবিধা দেয়ার ব্যর্থতার অর্থই হচ্ছে—ইউরোপের দেশসমূহে তাদের গমনের স্রোত আরো বাড়িয়ে দেয়া। কেননা, শরণার্থী শিবিরগুলোতে যদি আমরা আর্থিক সাহায্য ঠিকমতো না দিতে পারি, তারা বাধ্য হয়ে অন্যত্র ছুটবে, যা পরে সকলের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’
তিনি বলেন, ‘যুক্তরাজ্য এরই মধ্যে সহায়তা হিসাবে ১০০ কোটি পাউন্ড দিয়েছে। তাই এই পথে ইউরোপের অন্যান্য দেশকেও এগিয়ে আসতে হবে।’
পাঁচ বছরের মধ্যে ২০ হাজার সিরীয় শরণার্থী পুনর্বাসনের ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ধরনের আহ্বান জানালেন।