কুমিল্লায় দুই কোটি টাকার মাদকদ্রব্য-মালামাল জব্দ

কুমিল্লায় দুই কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে এসব মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। 
 
জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়িসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় এক লাখ ৬০ হাজার নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ হাজার সেনেগ্রা ট্যাবলেট, ফেনসিডিল, মদ, হুইস্কি, গাঁজা, শাড়ি, বিভিন্ন কাপড়সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মোরশেদ আলমকে (২৫) গ্রেফতার করা হয়।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য এক কোটি ৯৩ লাখ এক হাজার ৩০ টাকা, মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।