ফুলপুরে জমি নিয়ে সংঘর্ষ: স্কুলছাত্রী নিহত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজেদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় ওই ছাত্রীর বাবা ও বোনসহ পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে ভাগ্নে জামাল উদ্দিনের দীর্ঘদিন ধরে ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।  এ নিয়ে একাধিক শালিস বৈঠক হয়েছে। বিরোধপূর্ণ জমির রোপা-আমন ক্ষেতে দুপুরে জামাল উদ্দিন সার দিতে গেলে মামা-ভাগ্নে গ্রুপের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। জামাল উদ্দিন ও তার অনুগামী লোকলস্কর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল কাশেম (৫২), তার দুই কন্যা সাজেদা আক্তার (১৪) ও মৌসুমী আক্তার (১৬) ও  ভাই আবুল হাশেমকে (২৫) গুরুতর জখম করে। আহতদের ফুলপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। সাজেদা বালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। আহতদের মধ্যে আবুল হাশেমকে গুরতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।