চলমান সিরিয়া সংকট নিয়ে আলোচনার টেবিলে বসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আলোচনা শুরু করতে হোয়াইট হাউজের প্রতি এই আহ্বান জানান। খবর- আল জাজিরার।
সিরিয়া নিয়ে ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামার মধ্যে আলোচনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র এই আহ্বন জানান। 'সিরিয়ায় রাশিয়া ট্যাংক মোতায়েন করছে' যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন অভিযোগের পর হোয়াইট হাউজকে আলোচনায় বসার আহ্বান জানালো ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সিরিয়ায় ভারী অস্ত্র মোতায়েন করা নিয়ে রাশিয়ার উদ্দেশ্য 'অস্পষ্ট'।
এর আগে পুতিন জানান, সিরিয়া সরকারকে সহযোগিতা ছাড়া ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা সম্ভব নয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলোর প্রধানদের সাথে এক বৈঠকে পুতিন বলেন, বাশার আল আসাদ সরকারকে রাশিয়া সামরিক সহযোগিতা দিয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান পুতিন।