কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর নামক স্থানে মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর নামকস্থানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মিটার রিডার মো. রফিকুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলিয়া গ্রামে বলে জানা গেছে।