ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয়, ১ পুনর্গঠন

 
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করা হয়েছে। একইসঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
এতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনাল-২ অগঠিত অবস্থায় থাকবে। এদিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সদস্য বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. ওবায়দুল হাসান ও সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়াকে হাইকোর্টে ফিরিয়ে নেয়া হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ও ২ এর বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় উক্ত ট্রাইব্যুনাল দুটিকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল গঠন আবশ্যক। সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কর্মরত সদস্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কর্মরত বিচারপতি শাহিনুর ইসলামকে সদস্য এবং হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীকে সদস্য করে একটি ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠন করা হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১০ সালের ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনালের পাশাপাশি, তদন্ত সংস্থা ও প্রসিকিউটর প্যানেল গঠন করা হয়। পরবর্তীকালে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ২০১২ সালের ২২ মার্চ আরেকটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। পুরাতন হাইকোর্ট ভবনে এই দুটি ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম পরিচালনা করে। শুরু থেকেই ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি মো. ওবায়দুল হাসান। তার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ পর্যন্ত ১১টি মামলার রায় ঘোষণা করেছে। এসব রায়ে দণ্ডিত হয়েছেন ১৩ ব্যক্তি। এর মধ্যে অন্যতম জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ, এম কামারুজ্জামান, মীর কাসেম আলী, আশরাফুজ্জামান খান, চৌধুরী মঈনুদ্দিন খান, মাওলানা আব্দুস সুবহানকে মৃত্যুদণ্ড ও আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
 
এর আগে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এম ইনায়েতুর রহিম ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্ব পালন কালে ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী ১১ টি মামলার রায় ঘোষণা করেছে। ঘোষিত এসব রায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়।