ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৪-০ গোলে শাখতার দোনেৎস্ককে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এই হ্যাটট্রিকে ৮০ গোল নিয়ে একক ভাবে আবারো টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন রোনালদো।
রাশিয়ান ক্লাব শাখতারের বিপক্ষে ঘরের মাঠ বার্নাব্যুতে রিয়াল জিতবে এটাই প্রত্যাশিত ছিল। রোনালদোর হ্যাটট্রিক ও লিওনেল মেসিকে ছাড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়াটা বাড়তি অর্জন হিসেবেই ধরা যায়। ম্যাচের ৩০ মিনিটেই করিম বেনজেমা রিয়ালকে এগিয়ে নেন। এরপর সার্জিও রামোসকে ফাউল করে শাখতারের স্তেপানেকো লাল কার্ড দেখার পরে শাখতারের উপর চড়াও হয় রিয়াল।
দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টির পাশাপাশি একটি হেডে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন রোনালদো। এই ম্যাচে জয় পেলেও মারাত্মক ট্যাকলের শিকার হয়ে মাঠ ছাড়া সার্জিও রামোস, রাফায়েল ভারানে এবং গ্যারেথ বেলের ইনজুরি রিয়াল কোচ বেনিতেজের জন্য পরবর্তী ম্যাচের দুশ্চিন্তা হয়ে রইলো।
এই হ্যাটট্রিকে রোনালদো লিওনেল মেসিকে (৭৭) ছাড়িয়ে একক ভাবে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার পদটা আপাতত রোনালদোর কাছে। আজ শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামা মেসিরও সুযোগ রয়েছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার। গোল ডটকম