গাজীপুরের কালীগঞ্জের আওড়াখালী বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।
জানা যায়, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমানের সহযোগিতায় উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ওই বাজারের বেকারী ব্যবসায়ী মো. নজরুল ইসলামের মালিকানাধীন দয়াল নবী বিস্কুট অ্যাণ্ড বেকারী দীর্ঘদিন যাবৎ শিশুদের দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ময়দায় বিভিন্ন রুটি, বিস্কুট ও কেক তৈরি করে বাজারজাত করে আসছে। এদিকে একই বাজারে অভিযান চালিয়ে আরও ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৪৭ ও ৫৩ ধারা মোতাবেক দয়াল নবী বিস্কুট অ্যাণ্ড বেকারীকে ৫০ হাজার, মজিদ হোটেলকে ২ হাজার, রায়হান কসমেটিকসকে ১ হাজার, নাঈম মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।