২৭ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ২৭ দিন পর স্বাভাবিক হয়েছে। বুধবার বেলা ১১ টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি 'কেমিলিয়া' ও কাওড়াকান্দি থেকে ফেরি 'ফরিদপুর' যাত্রার মাধ্যমে এই স্বাভাবিকতা ফিরে আসে। ৪ টি রো রো ফেরিসহ ১৭ টি ফেরি এখন চলাচল করছে এ রুটে। 
 
নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে ১৯ আগষ্ট থেকে এ রুটে ফেরি চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিশেষ ব্যবস্থায় দুই- চারটি ফেরি চলছিল। এই নৌরুটে লৌহজং টার্ণিং এ উচ্চ ক্ষমতার ড্রেজার দিয়ে পলি অপসারণের মাধ্যমে এ রুটটি সচল করা হয়েছে।
 
বিআইডাব্লিউটিএ নির্বাহী প্রকৌশলি (ড্রেজিং) সুলতান আহাম্মেদ এই তথ্য দিয়ে জানান, এই নৌরুট সচল হলেও নাব্যতা সংকট মোকাবেলায় ডেজিংয়ের কাজ অব্যাহত থাকবে।
 
বিআইডাব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান জানান, সরকারি ভাবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর এই নৌরুট বন্ধ রেখে ড্রেজিং করার পর এখন নাব্যতা সংকট সমাধান হয়েছে। এই বহরের সবকয়টি ফেরি এখন চলাচল করতে পারছে। ফলে এতে ঈদ ঘর মুখো মানুষের বিড়ম্বনা লাঘব হবে।