গুয়েতেমালার সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেস অক্টোবরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে থাকছেন। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসের প্রথম দিকে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে তিনি দ্বিতীয় হয়েছেন। খবর বিবিসির।
সান্দ্রা খুব অল্প ভোটের ব্যবধানে মধ্য-ডানপন্থী ব্যবসায়ী ম্যানুয়েল ব্যালডিজোনকে হারান, যিনি ভোট কারচুপির অভিযোগ করেছিলেন।
অপর দিকে, দুর্নীতি-বিরোধী প্রচারণা চালিয়ে নির্বাচনে প্রথম স্থান লাভ করেন রম্য অভিনেতা জিমি মোরালেস।
২০১১ সালে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ হওয়ার শেষ দিকে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলভারো কোলোমের সঙ্গে তোরেসের বিবাহ-বিচ্ছেদ হয়। প্রেসিডেন্টের আত্মীয়র নির্বাচনে দাঁড়ানোর নিষেধাজ্ঞা এড়াতেই তোরেস বিবাহ-বিচ্ছেদ করেছেন—এমন কথা বলে সুপ্রিম কোর্ট তার প্রার্থিতা বাতিল করেছিল। তবে শেষ পর্যন্ত আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে নিজের প্রার্থিতা নিশ্চিত করলেন সাবেক এই ফার্স্ট লেডি।