চান্দিনায় ছিনতাই হওয়া চাউল ফরিদগঞ্জ থেকে উদ্ধার; আটক ৩

 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে চাউল ভর্তি ট্রাক ছিনতাইয়ের তিনদিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে তা উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ফরিদগঞ্জ উপজেলার চাঁন্দ্রা বাজারের 'ইদ্রিস এন্ড সন্স'র গোডাউন থেকে ওই চাউল উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে তিন যুবকে আটক করা হয়েছে।
 
আটকরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ দেইচর গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে হালিম (৩৫), তার ভাই আব্দুল কাদের (২৮) ও একই উপজেলার সাভান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহাগ পাটোয়ারী (৩০)।
 
চান্দিনা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাব অটোরাইস মিল থেকে তিন'শ বস্তা চাউল নিয়ে ট্রাকটি কুমিল্লার লাকসামে বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে।
 
অনুমান আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকায় ট্রাকটি পৌঁছলে গাড়ির চাকা পাংচার হয়। গাড়িটি থামিয়ে চাকা বদলানোর সময় ডাকাতদল গাড়ির চালক ও হেলপারকে বেঁধে রেখে চাউল ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
 
এ ঘটনায় নবাব অটোরাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা সামিউল হোসেন চান্দিনা থানায় একটি অভিযোগ করলে পুলিশি অভিযানে এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বুধবার ভোরে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে ২৬৬ বস্তা চাউল উদ্ধার করি। এ ঘটনায় বুধবার দুপুরে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।