রাজধানীর পশ্চিম ধানমন্ডির বেশ কয়েকটি এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, কালচে ও ঘোলাটে পানি খাওয়া তো দূরের কথা, তা বাথরুমের কাজেও ব্যবহার করা যাচ্ছে না। পানি থেকে উত্কট গন্ধ চড়াচ্ছে। ফোটানোর পর ফ্যানাযুক্ত পানি কালো বর্ণ ধারণ করছে। পাত্রের তলায় কালো গাদ জমা হচ্ছে। এ ছাড়া, পানিতে ময়লা- আবর্জনা পাওয়া যাচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
পশ্চিম ধানমন্ডির বাসিন্দা মোকতার আহমেদ ইত্তেফাককে জানান—গত দুই সপ্তাহ ধরে পানি নিয়ে এই দুর্গতি চলছে।
তিনি বলেন, এই এলাকার ওয়াসার পাইপ লাইন পরিবর্তন করার পর থেকে সমস্যা দেখা দিয়েছে। আগে মোটা পাইপ ছিল, তা পরিবর্তন করে এখন সরু পাইপ বসানো হয়েছে। ফলে পাইপ দিয়ে পানি কম আসছে। এ ছাড়া, পানিতে দুর্গন্ধ থাকার কারণে ওয়াসার পানি কোনো কাজে আসছে না। এ ব্যাপারে ওয়াসা অফিসে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
বিষয়টি সম্পর্কে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু দিন আগে পশ্চিম ধানমন্ডি এলাকায় ওয়াসার পাইপ লাইন বসানোর কাজ হয়েছে। এতে করে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।