পূর্ণদিবস কর্মবিরতিতে শাবিপ্রবি শিক্ষকরা

 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। বুধবার 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের' ডাকে এ কর্মবিরতি পালন করা হয়।
 
পাশাপাশি প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী শিক্ষকরা তাদের পদত্যাগপত্র গ্রহণের জন্য উপাচার্য ভবনে রেজিস্ট্রারের কার্যালয়ে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা থেকে তারা প্রায় একঘণ্টা রেজিস্ট্রারের কক্ষে অবস্থান করেন।
 
তবে উপাচার্য অসুস্থ থাকায় পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে আন্দোলনকারীদের জানান রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এরপর আন্দোলনকারী শিক্ষকরা রেজিস্ট্রারের কক্ষ থেকে বেরিয়ে যান। এর আগে মঙ্গলবার দুপুরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ রেজিস্ট্রারের কক্ষে দেড়ঘণ্টা অবস্থান করেন।
 
উপাচার্যের পদত্যাগের দাবিতে ৩৫ জন শিক্ষক গত ২০ এপ্রিল প্রশাসনের ৩৭টি পদ থেকে পদত্যাগ করেন। তবে পদত্যাগকারীদের কাজে যোগ দিতে চিঠি দিয়েছেন উপাচার্য।