রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ বিক্ষোভকারী আহত

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুত্ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সড়ক অবরোধের সময় সিপিবি ও বাসদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসদের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সাদেক হোসেন ও উপজেলা বাসদের সম্বয়ক সম্রাট আতিয়ার রহমানসহ ১০ জনকে আটক করা হয়।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাসদ ও সিপিবি রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীদের নেতা যুগেশ ত্রিপুরা বলেন, পুলিশের সাথে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। এতে নারী নেত্রী মৌ ও গোলাপী বেগমসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় থানার ওসি হুমায়ুন কবীর জানান, সড়ক অবরোধ তুলে নিতে বলা হলে তারা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।