স্টার সিনেপ্লেক্সে ‘এভারেস্ট’

আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের নতুন চলচ্চিত্র ‘এভারেস্ট’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আগামীকাল একসাথে মুক্তি পাচ্ছে থ্রিডি প্রযুক্তিতে নির্মিত এই ছবিটি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ চলচ্চিত্রটির প্রিমিয়াম অনুষ্ঠিত হবে। ‘এভারেস্ট’ পরিচালনা করেছেন আইসল্যান্ডের নির্মাতা বালতাসার কোরমাকুর। এভারেস্টের মৃত্যু ফাঁদে আটকে পড়ার সময় দেশে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে স্যাটেলাইট ফোনে বাঁচার আকুতির কথা বলেছেন অভিযাত্রীরা। ছবিতে সেই আকুতির করুণ দৃশ্য হূদয় কাঁপাবে দর্শকদের।

 

প্রকৃতির অপার বিস্ময় হিমালয় পর্বতমালার অংশ মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে সব ধরনের পর্বতারোহীদের আকর্ষণ করে। প্রতিকূল আবহাওয়া এবং বাতাসের কারণে সেখানে ওঠা বেশ বিপজ্জনক। অভিযাত্রীরা যুগে যুগে এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হলিউডের একঝাঁক তারকা। তারা হলেন জশ ব্রোলিন, জ্যাক গিলেনহাল, রবিন রাইট, এমিলি ওয়াটসন, কিরা নাইটলি, স্যাম ওয়ার্থিংটন, জন হকস, মাইকেল কেলিসহ অনেকে।