বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট মিলবে ডিজিটাল সেন্টারে

ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের জন্য অনলাইনে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট কেনার সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
 
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পরীক্ষামূলকভাবে ১১টি জেলার ১০০টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট বিক্রির সুযোগ তৈরি হবে। ফলে বাংলাদেশ বিমানের টিকেট জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়অ সম্ভব হবে।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এসময় এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার, সেলস মো. শওকত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।