কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু, দগ্ধ ৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল আজিজ নামে গোয়েন্দা পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো নয়জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার  সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ নয়জনকে বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ জানান, বুধবার ঢাকা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে পাঁচজন আসামি নিয়ে ঢাকায় ফিরছিল। রাত সাড়ে ১১টার দিকে মাউক্রোবাসটি চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় পৌঁছুলে একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে পুলিশ সদস্য আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। এসআই আব্দুল মালেক, কনস্টেবল শরীফুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল হাসান, আসামি সাদ্দাম, নাজিম, শওকত, আব্দুর শুকুরসহ নয়জনকে আশংকাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

নিহত আব্দুল আজিজের মরদেহ চৌদ্দগ্রাম থানায় রাখা হয়েছে।