ট্রাক বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং সড়ক এলাকায় বুধবার দিবাগত রাত থেকে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। 
 
রেলক্রসিংয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই ট্রাক ছয় ঘণ্টা ধরে বিকল হয়ে পড়ে আছে। 
 
বুধবার রাত তিনটার দিকে ট্রাকটি বিকল হয়ে যায়। এতে রাস্তার একপাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে পশুবাহী ট্রাক ও অন্য যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে।করোটিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। মির্জাপুরের দেওহাটা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। জানা গেছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।