জাপানের সশস্ত্র বাহিনীর ভূমিকা বৃদ্ধি করার জন্য দেশটির সংসদে তোলা বিতর্কিত নিরাপত্তা বিল নিয়ে উচ্চকক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। উল্লেখ্য, দ্বিকক্ষ বিশিষ্ট জাপানের সংসদের নিম্নকক্ষে এরই মধ্যে এই বিল অনুমোদিত হয়ে গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান শান্তিকামী রাষ্ট্রের চরিত্র গ্রহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিভীষিকার শিকার এই রাষ্ট্রের ৭০ বছর পূর্তিতে শিনজো আবের নেতৃত্বাধীন সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে যার ফলে আক্রমণের শিকার না হলেও নিজের মিত্রদের সশস্ত্র সহযোগিতা দিতে পারবে জাপান।
IMG0
নিম্নকক্ষে এই বিল অনুমোদিত হওয়ার পরে উচ্চকক্ষেও এই বিল তোলা হয়, কিন্তু এই আইনের বিরোধীরা হাতাহাতি করে এই আলোচনা বন্ধ করার চেষ্টা করেন। জাপানের সংসদে বিরল এই ধস্তাধস্তির ঘটনায় দেখা যায় নিরাপত্তা কমিটির চেয়ারম্যানকে বিরোধীরা ঘিরে ধরেছেন এবং তার কাছ থেকে কাগজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
IMG1
এর আগে বুধবারে বিরোধীরা শিনজো আবে ও মন্ত্রীদের একটি আলোচনা ভেস্তে দেন। জাপানের পার্লামেন্টের বাইরে হাজারো মানুষ এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। সম্প্রতি জাপানের জাতীয় দৈনিক মাইনিচি’র একটি জরিপ প্রতিবেদনে দেশের ৯০ শতাংশ মানুষ নিরাপত্তা বিলের বিপক্ষে বলে মত দিয়েছেন। বিবিসি