জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক রাখার কঠোর নিন্দা জানিয়ে তাদেরকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে। বুধবার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তাদের আটক করে।
সর্বসম্মতিক্রমে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ যেকোন ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে বুরকিনা ফাসোর সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছে।
বুরকিনা ফাসোর ক্ষমতাচ্যুত সাবেক নেতা ব্লেইজ কমপাওরের প্রতি আনুগত্যশীল প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠক চলাকালে প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো, প্রধানমন্ত্রী আইজ্যাক জিদা ও দুই মন্ত্রিকে আটক করে।
নিরাপত্তা পরিষদ এ আটকের ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তাদেরকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেছে। বাসস