উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাতে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।