লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাজমুল হোসেন নামে একজন শিশু মাইক্রোবাসচাপায় নিহত হয়েছে। সে হাতীবান্ধা উপজেলার ভাঙিটারী এলাকার লাভলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়ক পারাপারের সময় স্কুলের সামনেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিজবাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ওই স্কুলের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে পূর্ব সারডুবি এলাকায় মহাসড়ক অবরোধ করে।
পরে ঘটনাস্থলে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।
হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।