নেপালের ধর্মনিরপেক্ষ সংবিধান পাস

কয়েক বছর ধরে তীব্র মতবিরোধের পর নেপালের পার্লামেন্ট নতুন একটি সংবিধানের পক্ষে প্রায় সর্বসম্মত রায় দিয়েছে। বুধবার রাতে পাস হওয়া নতুন এই সংবিধানটি রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

পার্লামেন্টের ভোটাভুটিতে বিপক্ষের ২৫ ভোটের বিপরীতে ৫০৭ ভোটে সংবিধানটি পাশ হলে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়েন পক্ষে ভোটদানকারী সদস্যরা। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র অবসান হওয়ার পর থেকে একটি অন্তর্বর্তী সংবিধান দিয়ে দেশ চালানো হচ্ছিল। নতুন সংবিধানে নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। এসব ভাগ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কায় সম্প্রতি সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো উত্তেজিত হয়ে বিক্ষোভে নেমেছিল। তাদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে অন্ততপক্ষে ৪০ জন নিহত হন।

IMG0


রাজতন্ত্র বিলোপের পর বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা হয়। নতুন সংবিধানেও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা হয়েছে। তবে হিন্দুধর্মীয় গোষ্ঠীগুলো এর বিরুদ্ধে বিক্ষোভ করে নেপালকে ফের হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে।

IMG1

 

নতুন সংবিধান পাস হওয়ার পর টুইটারে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেছেন, জনতার সংবিধান পাস হওয়া সব নেপালির জন্যই গর্বের বিষয়। কয়েকটি ক্ষুদ্র বিরোধীদল পার্লামেন্টের ভোট বর্জন করে।বিবিসি