ভেড়ামারায় বিএডিসি কর্মকর্তার হাত কর্তন

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থামিয়ে বিএডিসি কর্মকর্তা নৃপন কুণ্ডুর (৪৫) ডান হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে ১২মাইল কোল্ড ষ্টোরের সামনে এ ঘটনাটি ঘটে। তিনি ভেড়ামারা বিএডিসি অফিসের উপ-সহকারী পরিচালক ও রাজবাড়ীর খানখানাপুর গ্রামের নারায়ন কুন্ডুর ছেলে।
 
জানা গেছে, ভেড়ামারা উপজেলায় কর্মরত বিএডিসি কর্মকর্তা নৃপন কুন্ডু ভেড়ামারা অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন। তিনি ভেড়ামারার ১২মাইল কোল্ড ষ্টোরের সন্নিকটে পৌঁছলে ওঁৎ পেঁতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাঁধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত কেটে ফেলেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
 
পরে ভেড়ামারা থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে কী কারণে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি।