কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আবু তাহের (৫০) ও করিম উল্লাহ (৪২)।
টেকনাফ থানা পুলিশের ওসি মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাররা তালিকাভুক্ত মানবপাচারকারী। আইন-শৃঙ্খলা বাহিনী মানবপাচার বিরোধী অভিযান শুরুর পর থেকে তারা পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।