ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেফতার

শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী ও জেএমবি সদস্য মেহিদী হাবিব মো. রফিককে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায়।
 
সংবাদ সম্মেলনে র‌্যাবের এএসপি যুবরাজ হোসেন জানান, জঙ্গি নেতা শাইখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী আত্মগোপনে থাকা এই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার বটতলা এলাকার হাজী মতিউর রহমানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জঙ্গি রফিকের বিরুদ্ধে ময়মনসিংহ জজকোর্টসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোতুয়ালী থানায় দায়ের করা ৩টি মামলা রয়েছে।