নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জুয়েল মাহমুদ (২০) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এ সাজা দেন।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছিল উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামের মৃত আ. কাদেরের ছেলে জুয়েল মাহমুদ। বৃহস্পতিবার স্কুলের সামনে আবারো উত্ত্যক্ত করলে ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক খন্দকার মোখলেছুর রহমানকে বিষয়টি জানায়। এরপর প্রধান শিক্ষক বিষয়টি পুলিশকে জানালে স্কুলের সামনে থেকে জুয়েলকে আটক করে পুলিশ। পরে দোষ শিকার করায় জুয়েলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
বাগাতিপাড়া থানার এসআই আমিনুল ইসলাম জানান, জুয়েল উপজেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক।