চাটখিলে ৩০ ছাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত

নোয়াখালীর চাটখিল মহিলা কলেজের ৩০ জন ছাত্রী বৃহস্পতিবার সকালে হিটস্ট্রোকে আক্রান্ত হয়। এ সময় কলেজে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 
 
জানা গেছে, সকাল ১০টায় ক্লাশ শুরুর আগে চাটখিল মহিলা কলেজ মাঠে এসেম্বলী অনুষ্ঠিত হয়। এ সময় প্রচন্ড রোদ ছিল। এসেম্বলী শেষে ছাত্রীরা ক্লাশে গেলে একে একে সবাই অজ্ঞান হয়ে পড়তে থাকে। এতে ৩০ জন ছাত্রী জ্ঞান হারালে তাদেরকে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ অবস্থায় বাড়িতে পাঠানো হয়। এর মধ্যে জহুরা খাতুন নামে এক ছাত্রীর অবস্থা একটু খারাপ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 
 
কলেজের অধ্যক্ষ মো. সাইফুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে ১০-১২ জন ছাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে জানান। তবে উপজেলা নির্বাহী অফিসার আবরাউল হাসান মজুমদার জানান, তিনি ঘটনা শুনা মাত্রই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. খলিল উল্লার সঙ্গে বৈঠক করেছেন। ছাত্রীরা গণমনস্তাত্বিক রোগে আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।