সুনামগঞ্জে পৌর মেয়রের নেতৃত্বে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও

 
সুনামগঞ্জে সীমাহীন ভোগান্তির প্রতিবাদে বিদ্যুত্ সরহরাহ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে সহস্রাধিক বিক্ষুব্ধ গ্রাহক মিছিল নিয়ে শহরের তেঘরিয়াস্থ বিদ্যুত্ অফিস ঘেরাও করেন।
 
মিছিলটি বিদ্যুত্ অফিসের সামনে যাওয়ার পর পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে প্রায় এক ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে গ্রাহকরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিদ্যুত্ অফিস অভিমুখে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়, পরে মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
 
এ বিষয়ে পৌর মেয়র বলেন, বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে চরম ভোগান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এখানকার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থাকেন।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা না হলে আগামীতে  আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, অ্যাডভোটে শেরেনূর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, রাজনীতিক সেলিম উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনির উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর কলি তালুকদার আরতি, হুসেন আহমদ রাসেল, লিটন মিয়া।
 

উল্লেখ্য,গত এক সপ্তাহ ধরে চরম বিদ্যুত্ বিপর্যয়ের মধ্যে পড়েছে সুনামগঞ্জ শহর ও আশপাশের এলাকা। দিনে ১২ ঘণ্টারও বেশি লোডশিডিং হচ্ছে। অসহনীয় এই পরিস্থিতির জন্য বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ী করে আন্দোলনের ডাক দেন পৌর মেয়র আইয়ুব বখত জগলুল।