ঢাকা থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার

 
ঢাকার বংশাল থেকে অপহরণের পাঁচদিন পর সাইদুর রহমান ওরফে আবেদকে (১১) নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
 
আবেদ শিশুটি শরিয়তপুর জেলার নাগেরপাড়া ঘোষেরহাট গ্রামের শাহিন সফির ছেলে। শাহিন সফি ঢাকার একটি ব্যাংকে কর্মরত এবং ঢাকার বংশালে বসবাস করেন। আবেদ ঢাকার দারুল পুরান মাদ্রাসার হেফজোখানার ছাত্র।
 
শিশুর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে মাসুম মিয়ামহ (২৫) চারজন অপরিচিত লোক শিশুটিকে ঐ মাদ্রাসা থেকে অপহরণ করে। এ ঘটনায় ওই শিশুটির মা রাবেয়া খাতুন ঢাকার বংশাল থানায় একটি জিডি করে।
 
অপহরনকারীদের মুঠোফোন ট্র্যাকিং করে ঢাকা, রংপুর ও নীলফামারী পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার বিকালে আবেদকে নিয়ে মাসুম মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিজবাড়িতে আসে। বৃহস্পতিবার ভোরে সে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাসুমের বাবা জাহিদুল ইসলাম ও চাচা একরামুল হককে আটক করে নিয়ে যায়।
 
এরপর সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী শহরের আল জামিয়াতুল রহমানিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। অপহরণকারী মাসুদ মিয়াকে ধরতে না পেরে ঐ মাদ্রাসার কর্মরত আশরাফুল ইসলাম ও মহিবুল্লাহ পাপ্পু নামের দুইজনকে।
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মাসুম মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।