এ মৌসুমে আর খেলা হচ্ছে না রাফিনহার

 
ইনজুরির কারণে বার্সেলোনা তারকা রাফিনহা আলচানতারার মৌসুম শেষ। ডান পায়ের হাঁটুর ইনজুরির কবলে পড়েছেন এই মিডফিল্ডার আলচানতারা। ফলে ইউরোপের ফুটবল মৌসুমের বাকি সময়ে আর মাঠে দেখা যাবে না তাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে রোমার বিপক্ষে ম্যাচে ডান পায়ের লিগামেন্টের সমস্যায় পড়েন রাফিনহা। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
গত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। এ ম্যাচে বার্সার প্রতিপক্ষ ছিলো ইতালিয়ান ক্লাব রোমা। ম্যাচের প্রথমার্ধে খেলতে পারেননি রাফিনহা। তবে দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটে মিডফিল্ডার ইভান রাকিটিচের বদলি হিসেবে খেলতে নামেন তিনি। আর তাতেই কপাল পোড়ে রাফিনহার।
 
মাঠে নামার তিন মিনিট পরই রোমার মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলান ট্যাকলে আঘাত পান রাফিনহা। তখনই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে ঐ সময় মাঠে নামেন জাভিয়ার মাচেরানো। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় রাফিনহার। সেই সব রিপোর্টের প্রেক্ষিতে বার্সেলোনা ক্লাব থেকে জানানো হয়, ডান পায়ের লিগামেন্টে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে রাফিনহার। লিগামেন্টের এসিএল সমস্যায় পড়েছেন তিনি। এজন্য তার ডান পায়ে দ্রুতই অস্ত্রোপচার করাতে হবে। সুস্থ হতে কতদিন লাগবে তা এখনো বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে, মৌসুমের বাকি সময়ে আর খেলতে পারবেন না রাফিনহা।
 
এমন খবর শুনে বার্সেলোনার কোচ লুইস এনরিখ হতাশ। তিনি বলেন, ‘আজকের দিনের সবচেয়ে খারাপ খবরটি এটি। তার অভাব অনুভব করবে দল। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে রাফিনহা।’

খবর বাসসের।