কাজ না করলে শাস্তি: মোদী

 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি আনতে এবং স্বচ্ছ ও দক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এবার এসব চাকুরেদের কাজের মূল্যায়ন করবে ভারত সরকার। এ ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর আনন্দবাজারের।
 
সরকারিভাবে সমস্ত মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে, প্রতিটি কর্মকর্তার কাজের মূল্যায়ন করতে। কারা কতটা কাজ করছেন, কারা করছেন না। কাদের প্রয়োজন আছে, কাদের নেই। এই তালিকা তৈরি করে প্রত্যেকের কাজের পর্যালোচনা করতে হবে। ‘অকেজো’ প্রমাণিত হলে শাস্তি অবধারিত। ‘অকেজো’ কর্মীদের জনস্বার্থে  বাধ্যতামূলক অবসর নেয়া হবে। তাই অনেকটা কর্পোরেট সংস্থার ধাঁচে কর্মীদের কাজের নিরন্তর মূল্যায়ন করা হবে। আর যোগ্যতা প্রমাণ করতে না পারলে অর্থাত্ কাজ না করলে ওই শাস্তির বিধান করা হয়েছে।
 
এ দিকে, মূল্যায়ন ও তার ভিত্তিতে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকবে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। মোদীর এই তত্পরতার মধ্যে রাজনীতির গন্ধ দেখছে কংগ্রেস।
 
দলের নেতা আনন্দ শর্মা বলেন, প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, আমলাতন্ত্রে তিনি হস্তক্ষেপ করতে চান না। কিন্তু এখন তো তিনি রীতিমতো ভয় দেখাচ্ছেন আমলাদের।
 
এই প্রেক্ষিতে বিজেপির পক্ষে বলা হয়েছে, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রশাসনে গতি আনতে চেয়েছেন। আমলাদের বিষয়ে তিনি হস্তক্ষেপ করছেন না। কিন্তু তাদের পারদর্শিতা বাড়াতে চাইছেন।