পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন যখন আসন্ন তখন বিধিভঙ্গের অভিযোগের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালিম্পঙে লেপচা উন্নয়ন বোর্ডের চতুর্থ বর্ষপূর্তির সভায় মঙ্গর সমপ্রদায়ের জন্য একটি উন্নয়ন বোর্ড গড়ার ঘোষণা করেন মমতা। এর পরেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয় বিরোধীরা। খবর আনন্দবাজার পত্রিকার।
সভায় এই ঘোষণার পর মুখ্যমন্ত্রী তার ফেসবুকে বিস্তারিত জানান—লেপচা, তামাঙ্গসহ পাহাড়ের বিভিন্ন সমপ্রদায়ের জন্য তিনি কত টাকা বরাদ্দ করছেন।
প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র, সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন—শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় কয়েক হাজার মঙ্গর পরিবার বসবাস করে। মঙ্গর উন্নয়ন বোর্ড ঘোষণায় তারা প্রভাবিত হতে পারে।
বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতি রথীন বসু বলেন—সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে ভোট চলাকালে এমন কোনো ঘোষণা করা উচিত নয়। এতে বিভ্রান্তি হতে পারে, ভোটাররা প্রভাবিতও হতে পারেন।
এ দিকে, অশোক ভট্টাচার্যের বৃহস্পতিবার রাজ্য নির্বাচন প্রধানের কাছে অভিযোগ জানানোর কথা। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরাও ভোট বিধি মানব না।