ভুলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-০১ এর ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে ভুলতা বাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি জাতীয় মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস মহাসড়ক এবং দুটি আঞ্চলিক মহাসড়ক ভুলতা-রূপগঞ্জ মহাসড়ক এবং ভুলতা-আড়াইহাজার সড়কের সংযোগ স্থল। এখানে ১ হাজার ২৩৮ মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি নির্মাণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কোনো ধরনের যানজট ছাড়াই রাজধানী ঢাকা থেকে সিলেট এবং বন্দর নগরী চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহন সহজ হবে।