ঈদের পর কাজে ফেরার আহ্বান শাবির ভিসির

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার উপাচার্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান তিনি। তবে আন্দোলনরত শিক্ষকরা ভিসির পদত্যাগে অনড়। এদিকে ভিসি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পদত্যাগী আন্দোলনরত প্রত্যেকের সাথে আলাপ-আলোচনা করে উদ্ভূত সমস্যার সমাধান করা হবে।

 
আগামী ২০ সেপ্টেম্বর থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার থেকে ছুটি থাকবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
 

গতকাল ভিসির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. রাশেদ তালুকদার, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তায় ঐক্যবদ্ধ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রেজাই করিম খোন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাকির হোসাইন প্রমুখ। এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, আমাদের ফোরামের একটাই দাবি উপাচার্যকে অপসারণ করতে হবে। ঈদের পরে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।