ময়মনসিংহের মুক্তাগাছায় বাঁশাটি ইউনিয়নের মণ্ডলসেন বাজারে একটি বাঁশঝাড় থেকে জাহিদুল (১৪) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। জাহিদুল মণ্ডলসেন পশ্চিমপাড়া গ্রামের অটোরিকশা চালক লাল মিয়ার (লালু) ছেলে।
জাহিদুলের চাচা মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে জাহিদুলের সঙ্গে ল্যাংড়া বাজারে দেখা হয়। এ সময় সে তার বাবার অটোরিকশায় ২ জন যাত্রী নিয়ে মণ্ডলসেনের দিকে যায়। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সারারাত তাকে খোঁজাখুজি করে। সকালে তার লাশ বাইজানা খাল এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদেরকে খবর দেয়। লাশের গলায় রক্তাক্ত অবস্থায় আঘাতের চিহ্ন দেখা গেছে । ধারণা করা হচ্ছে, যাত্রী বেশে দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।