ভাঙ্গায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত

ফরিদপুর- বরিশাল মহাসড়কের পুখুরিয়ায় শুক্রবার সকালে তিনটি ট্রাকের সংঘর্ষে চালক হারুন মিয়া (২৫) নিহত হন। আহত হয়েছেন আরও ২ জন। 
 
জানা যায়, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে রাস্তার দুইপাশে কয়েকশত যানবাহন ২ ঘণ্টা যাবৎ আটকা পড়ে যায়। উদ্ধার অভিযান সমাপ্তির পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত চালক সাতক্ষীরার পরানদা টেপাখালি গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, ফরিদপুর মুখী সিমেন্ট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো চ-১৬-৮৭০৩) ও ভাঙ্গা মুখী ট্রাক (সাতক্ষিরা ট-১১-০০২৩২) এর মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাক দুটি রাস্তার ওপর আটকে পড়ে। ওই সময় পিছন থেকে অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৩৪৮৭) দুটি ট্রাককেই ধাক্কা দিলে উল্টে যায়।