‘ষড়যন্ত্রের জন্যই খালেদা জিয়া লন্ডনে’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী নিছক অবকাশ যাপনের জন্য লন্ডনে যান নি। তিনি সেখানে গেছেন নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য। তা না হলে এয়ারপোর্ট থেকে কেন মা-ছেলে বাদে অন্য কেউ গাড়িতে উঠেনি। নিশ্চয় নতুন কোন ষড়যন্ত্র করছেন বিধায় কোন সাক্ষী রাখেননি।
 
শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
 
বিএনপি নেত্রীর উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ষড়যন্ত্র করতে গিয়ে আপনি এখন বিএনপির পরিত্যক্ত নেত্রীতে পরিণত হয়েছেন। আপনার কথায় এখন সাধারণ মানুষ তো দূরের কথা বিএনপির নেতা কর্মীরাই সাড়া দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতারা এখন আপনাকে চায় না। তাই আপনাকে বলবো লন্ডনে বসে ষড়যন্ত্র না করে আপনি ও তারেক রহমান বিএনপি থেকে সরে দাঁড়ান। তাহলে বিএনপি কলুষমুক্ত হবে।
 
আওয়ামী লীগ সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিএনপির অনেক সিনিয়র নেতা অবচেতন মনে কথা বলছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা তাদের উদ্দেশে বলেন, আমরা রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল চাই। বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। তাই বিএনপিকে বাঁচাতে চাইলে খালেদা জিয়া এবং এসব অবচেতন মনের নেতাদের থেকে বিএনপিকে নিষ্কৃতি দিতে হবে।
 
আন্দোলনের নামে বিএনপির পেট্রোল বোমার রাজনীতি পৃথিবীর রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপিকে এখন রাজনৈতিক দল বলার সু্যোগ নেই। বিএনপি এখন দুষ্কৃতিকারীদের দল। খালেদা জিয়া সে দলের নেত্রী এবং তারেক রহমান দুষ্কৃতিকারীদের চিফ ইন কমান্ডার।