বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে সিটি বিস্ফোরণ

বিদ্যুতের ৬টি ইউনিট বন্ধ, ৫৩০ মেগাওয়াট উৎপাদন হ্রাস

 
দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর সুইচ ইয়ার্ডে আজ শুক্রবার রাত ৮টায় কারেন্ট ট্রান্সফরমার(সিটি) বিস্ফোরণ হয়ে বৃহৎ ২টি ইউনিটসহ ৬টি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
 
খবর পেয়ে প্রথমে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় প্রায় ৫৩০ মেগাওয়াট। ফলে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ আশে পাশের জেলাগুলোতে লোডশেডিং ব্যাপক ভাবে বৃদ্বি পাওয়ার খবর পাওয়া গেছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ্য হয়ে পড়েছে সাধারণ মানুষ।
 
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, আজ শুক্রবার রাত ৮টায় হঠাৎ বিকট শব্দ হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে ৫নং ইউনিটের বাসবারের কারেন্ট ট্রান্সফরমার(সিটি) আগুন ধরে যায়। এ সময় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৫ এবং এই ইউনিটের সাবস্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কুইক রেন্টালের ৪টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ বেসরকারি কুইক রেন্টাল ইউনিট গুলোহলো ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো, ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন এনার্জি লিমিটেড, ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট ইউনিট। খবর পেয়ে তাৎক্ষণিক নিজস্ব ফায়ার ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে কোম্পানীর সচল ৪টি ইউনিটে সাড়ে ৫‘শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ৯টায় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ উৎপাদনে ফিরে এলেও বাকী ৫টি ইউনিট এখনো বন্ধ রয়েছে।
 
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ত্রুটি মেরামত করে ৩নং ইউনিটটি চালু করা হয়েছে। বাকী বন্ধ ইউনিটগুলো চালু করার পক্রিয়া চলছে। তবে ৫নং ইউনিটটি পূনরায় উৎপাদনে ফিরে আসতে ২দিন সময় লাগতে পারে।