শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুট

যাত্রী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। থাকছে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুমসহ নানা ব্যবস্থাপনা। এর জন্য গতকাল শুক্রবার বিশেষ সভা করে জেলা পুলিশ।

 
কোরহাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—এডিশনাল এসপি আব্দুল হালিম, নৌ পুলিশের এডিশনাল এসপি আলী আহম্মেদ, এএসপি মো. সামসুজ্জামান, ট্রাফিক পুলিশের এএসপি মো. কামরুজ্জামান এবং বিভিন্ন থানার ওসি। পরে তারা পকেটমার ও মলম পার্টির খপ্পর থেকে নিরাপদ থাকতে জনসচেতনতায় গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন পোস্টার ও হ্যান্ডবিল বিলি করেন। 
 
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ২১ জেলার মানুষকে শান্তিপূর্ণভাবে বাসায় পৌঁছে ঈদ আনন্দ উপভোগ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার থেকে সাড়ে ৪৮৭ জন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে। যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিমুলিয়া ঘাটে বসানো হয়েছে সিসি টিভি। যা ঘাটে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া স্থাপন করা হবে অস্থায়ী ওয়াচ টাওয়ার। এখান থেকে দূরবিক্ষণ যন্ত্রের সাহায্যে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে নজরদারি করা হবে।
 

এদিকে বিআইডব্লিউসির মাওয়াস্থ এজিএম এসএম আশিকুজ্জামান জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে পার করতে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকছে। আগামী কয়েক দিনের মধ্যে নাব্যতা সঙ্কট পুরোপুরি দূর হয়ে যাবে। তাই ঈদে যাত্রীরা নির্বিঘ্নেই ফেরি পার হতে পারবেন।