একই কক্ষে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর বারিধারায় একই কক্ষে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
তারা হলেন- সাজিদ হাসান হৃদয় ও নুসরাত জাহান মিরা। হৃদয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ- এর ছাত্র এবং মিরা ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন। ছেলেটির গ্রামের বাড়ি জামালপুরে এবং মেয়েটির গ্রামের বাড়ি নারায়গঞ্জের বন্দরে বলে জানা গেছে।
 
ভাটারা থানার ওসি নুরল মুত্তাকিন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে এর কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
 
পুলিশ সূত্রে জানা গেছে, বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর রোডের ২০৪ নম্বর বাড়ির বি-১ এর ফ্লাটে কয়েকজন ছাত্র মেস করে থাকে। সেখানেই ছিলেন হৃদয়। মাঝে-মধ্যে মিরা তাদের মেসে আসতেন। শুক্রবার দুপুরেও আসেন। মেসের সদস্য ইসরাত হোসেন রাতে বাসায় ফিরে দেখেন হৃদয়ের কক্ষে দুই জন একই ফ্যানে ঝুলছেন। পরে ইসরাত পুলিশের কাছে খবর দেন।