পৃথক বেতন কাঠামো ও অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনরত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল ১১টার দিকে মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক শুরু হয়।
শিক্ষকদের প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ কয়েকজন শিক্ষক নেতা।
মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদন হওয়ার পর আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে এটিই সরকারের প্রথম সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শিক্ষকদের আন্দোলনের সময় মন্ত্রী দেশের বাইরে ছিলেন। তবে তার সঙ্গে কয়েকজন শিক্ষকনেতার যোগাযোগ ছিল। শুক্রবার তিনি দেশে ফেরার পর কয়েকজন শিক্ষকনেতা যোগাযোগ করলে আজ শনিবার বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনেক শিক্ষক নেতা ঢাকার বাইরে থাকায় সভায় উপস্থিত হতে পারবেন না। তাই বৈঠকটিকে অনানুষ্ঠানিক বিবেচনা করা হচ্ছে।
এদিকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে সরকারি কলেজের শিক্ষদের আন্দোলনও অব্যাহত রয়েছে। আজ শনিবার ও কাল রবিবার সরকারি কলেজগুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার।