রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ছিনতাই হওয়া গরু ভর্তি ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে এক এসএমএসে এই তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে চার গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তিরা হলেন- মাসুম (২৪), সুজা (২৬), ঠাণ্ডু (৪৫) ও আঞ্জিমুল (২৮)।
আহতরা জানান, ছয়জন মিলে ১৬টি গরু নিয়ে ঝিনাইদহ থেকে রাজধানীর বাড্ডার গরুর হাটের দিকে যাচ্ছিলেন। গরুর ট্রাকটি সংসদ ভবন এলাকায় এলে চালকের যোগসাজশে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি জিম্মি করে। দুর্বৃত্তরা তাদের চারজনকে মারধর ও ছুরিকাঘাত করে অন্য একটি ট্রাকে উঠিয়ে দেয়। ট্রাকে থাকা তাদের অপর দুই সঙ্গী সুজন (১৬) ও আজিজুলকে (১৭) ট্রাকে করেই নিয়ে পালিয়ে যায়। এরপর তাদের রাজধানীর বিভিন্ন সড়কে ভিন্ন ভিন্নভাবে ফেলে দেয়া হয়।