ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে নাগেশ্বরী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। 
 
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গোসাইবাড়ী শ্রীপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুস ছালামের (৩২) সঙ্গে দীর্ঘদিন থেকে বড় ভাই কাশেমের ছেলে মাহবুব হোসেন (২৬) ও মিজানুর রহমানের (২২) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১০ টায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা মাহবুব হোসেন (২৬) ও মিজানুর রহমান (২২) সহ আরও কয়েকজন তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে নিহতের স্ত্রী শেফালী বেগম বাদি হয়ে ৬ জনকে আসামি করে শনিবার দুপুরে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 
হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।'  এস আই ফজলে আশিক বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। চেষ্টা অব্যাহত আছে।'